সারা দেশে নারী কর্মীদের হেনস্থা, মারপিট ও নির্যাতনের প্রতিবাদে নারী মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে নারীকর্মীদেরকে হেনস্থা করছে বিএনপি নেতাকর্মীরা। এসব ঘটনায় স্থানীয়ভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি তারা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন।
কিন্তু কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না জানিয়ে তাহের বলেন, ঢাকার সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
তিনি বলেন, জামায়াত একটি ধর্মভিত্তিক দল। ভোট চাইতে গেলে বিএনপি যেমন জিয়াউর রহমানের আদর্শ প্রচার করে, বামপন্থী দলগুলো যেমন কমিউনিজমকে সামনে আনে জামায়াত ধর্মের কথা বলবে এটি স্বাভাবিক। যারা বলছেন, জামায়াত ইসলামী ধর্মের মোড়কে ভোট চাইছে তারা সম্পূর্ণ ভিন্নভাবে বিষয়টিকে উপস্থাপন করে নারীদেরকে হেনস্তা করার সুযোগ তৈরি করছেন।
সংবাদ সম্মেলনে প্রজেক্টরে সাম্প্রতিক সময় সংঘটিত নয়টি ঘটনার বিস্তারিত বর্ণনা ভিডিও প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়েতের সহকারি সেক্রেটারি জেনারেল ও নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।


