বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) ত্রি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার একটি হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিএমইআইএসএর সদ্য বিদায়ী সভাপতি মো. টিপু সুলতান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় ২০২৪–২০২৫ সালের কার্যবিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক এবং নিরীক্ষিত হিসাব বিবরণী তুলে ধরেন পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মনির। সভায় নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয় এবং ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট পাস করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন সভাপতি মাহফুজ হাসান। এ পর্বে বিএমইআইএসএর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাবীব রশীদ, সদস্য কাজী মো. আসাদ এবং কাওসার হোসেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনে বিজয়ী সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সাতজন সহসভাপতি ও ১১ জন পরিচালকের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
পরে সদ্য বিদায়ী সভাপতি মো. টিপু সুলতান আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মাহফুজ হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন এই কমিটি ২০২৬–২০২৭ মেয়াদে বিএমইআইএসএর নেতৃত্ব দেবে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো মাসুমুল হক। সিনিয়র সহসভাপতি হয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শহিদুল হাসন, মো. জহিরুল ইসলাম, মো. জাহিদ হোসেন খান, মাহবুবুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মনসুর আহম্মেদ এবং সুশীল চন্দ্র সিংহ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মাহমুদুর রশিদ এবং মো. মনিরুল হাসান। পরিচালকদের মধ্যে রয়েছেন মনিরুজ্জামান মনির, আরশেদ আলম পুলক, নাহিদ আক্তার, মির মোশাররফ হোসেন, শেখ মাসুম, অমল কান্তি শর্মা, মো. মাহমুদ সর্দার, মোহাম্মদ কাওসার মনি ও মো. হাসানুজ্জামান।
সভায় নবনির্বাচিত পরিচালনা বোর্ড আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী বোর্ডের কাছ থেকে অ্যাসোসিয়েশনের দায়িত্বভার গ্রহণ করে। এর আগে উপস্থিত সাধারণ সদস্যরা করতালির মাধ্যমে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি ও পরিচালকবৃন্দকে বরণ করে নেন। পাশাপাশি বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএমইআইএসএর শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মো. মনিরুল হাসান।


