একটি দল লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে: মাহদী আমিন

একটি দল লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে: মাহদী আমিন
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সরাসরি নাম উল্লেখ না করলেও জামায়াতের প্রতি ইঙ্গিত করে দলটির বিরুদ্ধে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের অভিযোগ এনেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। এটাই নিয়ম হওয়া উচিত। অথচ একটি রাজনৈতিক দল নানা উপায়ে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। একটি বিতর্কিত নির্বাচন প্রক্রিয়া সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই বিশেষ রাজনৈতিক দলটি নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ধর্মীয় অনুভূতির ক্রমাগত অপব্যবহার চালিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহ্দী আমিন বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখলাম তাদের মার্কায় ভোট দিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হচ্ছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। শুধু তাই নয়, আমরা দেখেছি সেই বিশেষ রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের জাতীয় পরিচয় পত্র এবং বিকাশ নাম্বার  সংগ্রহ করছে, যার পেছনে অসাধু উদ্দেশ্য রয়েছে।’

এসময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শত শত পোস্টাল ব্যালট একটি দলের কর্মীদের কাছে থাকার বিষয়টি ভাইরাল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংঘবদ্ধ ভোট সম্পূর্ণ বেআইনি। কোথাও কোথাও একজনের নম্বর দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করতে দেখা গেছে, যেটি অনাকাঙ্ক্ষিত। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদান প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, আমরা চাই প্রবাসীদের ভোটের ক্ষেত্রেও সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হোক।’

বিএনপিই সর্বপ্রথম প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল বলেও এসময় মনে করিয়ে দেন তিনি।

আরও পড়ুন

এসময় পোস্টাল ব্যালটে বিএনপির মার্কার অবস্থান প্রকাশে বৈষম্যের অভিযোগও আনেন মাহ্দী আমিন।

বেশ কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রতীকসহ সরাসরি নিজ নিজ প্রার্থী ও দলের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোট চাইলেও তারেক রহমানের ব্যক্তিগত সফরও স্থগিত করতে বলার বিষয়টি উল্লেখ করেন তিনি।

অন্য রাজনৈতিক দল ও নেতাদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন নির্লিপ্ত আচরণ করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার।

এসময় তিনি আরও জানান, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি ভেরিভাই করেছে মেটা। ব্লু টিক দেওয়া দুটি আইডি ছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোনো অ্যাকাউন্ট নেই।

তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নামে বহু ফেক অ্যাকাউন্ট রয়েছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই।

বিএনপি এরই মধ্যে কল সেন্টার চালু করেছে জানিয়ে তিনি বলেন, যেকোনো ব্যাক্তি যেকোনো বিষয়ে অনুসন্ধান, প্রয়োজনীয় তথ্য, পরামর্শ বা অভিযোগ কিংবা মতামত জানাতে ১৬৫৪৩ নম্বরে ফোন করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad