মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের ওপরে ২০ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির এ দিন ধার্য করেন। এদিন আবেদনটি চেম্বার আদালতের কার্যতালিকায় ছিল।
এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর প্রসিকিউশন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে। তাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনা ও কামালের যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, সেই অভিযোগে তাদের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করা হয়।
এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। অন্য অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে তথ্য-প্রমাণ দিয়ে বিচারে সহায়তা করায় তাকে পাঁচ বছরের লঘুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের অনুপস্থিতিতে বিচার হয়।


