পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে আগামী ২ ফেব্রুয়ারি।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। একইসঙ্গে শেখ হাসিনা, রাদওয়ান মুজিব ববি সিদ্দিকী, টিউলিপের আলাদা মামলায় যুক্তিতর্কের জন্য আগামী ১৮ জানুয়ারি ধার্য করেন বিচারক রবিউল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্লট দুর্নীতির মামলাটিতে এখন পর্যন্ত সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এ মামলায় টিউলিপ, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়।
পরে গত বছরের ১০ মার্চ তদন্ত শেষে আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
মামলার অন্য আসামিরা হলেন– জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।


