জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আটটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
বুধবার সকাল ৯টার দিকে নির্বাচন কমিশন থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৫২৭ ভোট।
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫৭৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৭৭ ভোট।
এ ছাড়া সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী। এই প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫৫৫ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৪৩২ ভোট।
নির্বাচন কমিশন জানায়, অন্য কেন্দ্রগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনায় বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় যাচাই করতে সময় লাগছে এবং অভিন্ন ও নির্ভুল ফল নিশ্চিত করেই গণনা এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে গত রাত ৯টার দিকে মেশিনের ত্রুটির কারণে সাময়িকভাবে ভোট গণনা স্থগিত করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ভিসির কনফারেন্স রুমে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।
বৈঠকে উপস্থিত প্রার্থীদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য দাবি জানায় মেশিনের মাধ্যমে গণনা করতে। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান দাবি জানায় ম্যানুয়ালি গণনা করতে। পরে শিবির সমর্থিত প্যানেল দুই ভাবে গণনা করতে একমত হলেও তারা চূড়ান্ত ফলাফল হিসেবে মেশিনের গণনা চায়।
ভোট গণনার নির্ভুলতা নিয়ে বিতর্ক এড়াতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, মেশিনের মাধ্যমে গণনা হবে কিন্তু নির্ভুল আছে কিনা ম্যানুয়ালি মাঝেমাঝে চেক করা হবে এবং মেশিনের সঙ্গে মেলানো হবে। পরে রাত সাড়ে ১২টার পর আবার ভোট গণনা শুরু হয়।


