বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ ১৫-১৬ বছর এদেশে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেছিলেন।’
এর ফলে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি হাসিনার পতন হয়েছে যোগ করেন তিনি।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা ও তার পিতা দুজনেই এক দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এ দেশের মানুষের অধিকার হরণ করেছে।’
এ সময় তিনি জানান, হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ কখনো বাংলাদেশকে একটি স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি দাবি করে তিনি জানান, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে।
আওয়ামী লীগ সরকারকে ইসলামবিদ্বেষী অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে এবং আলেম সমাজের ওপর নির্যাতন চালিয়েছে এবং আলেমদের হত্যা করেছে।’
তিনি জানান, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে এবং মাদ্রাসা নিরীহ ছাত্রদের হত্যা করেছে। এসব ঘটনার মধ্য দিয়ে দলটি দেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নেয়।
এর ফলে আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়ে দেশ থেকে রাজনৈতিকভাবে উৎখাত হয়েছে বলে দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ হবে, সে বিষয়ে জনগণ ইতোমধ্যে তাদের মতামত দিয়েছে। তার মতে, দেশের মানুষ একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পক্ষে রায় দিয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ফরিদ আহমদ আজিজি, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার এবং উপদেষ্টা জালাল আহমদ সিকদার প্রমুখ।


