দিনাজপুরে বালুবাড়ীর একটি ছাত্রী নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোছা. মোস্তারিনা আকতার। তিনি ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের আমবাড়ী এলাকার গোলাম মোস্তফার মেয়ে ও দিনাজপুর সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছেন, এদিন সকাল ১০টার দিকে খবর পেয়ে ছাত্রী নিবাস থেকে ওই শিক্ষার্থীর ফাঁসিতে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু না কি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।


