সিলেটে ভাঙারির দোকানে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

সিলেটে ভাঙারির দোকানে মিলল অবিস্ফোরিত মর্টার শেল
জাফলং বাজারে ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে ভাঙারির দোকান থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে।

রোববার দুপুরে মর্টার শেলটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জাফলং বাজারের ভাঙারি ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মর্টার শেলের মতো একটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

দোকান মালিক রুবেল মিয়া জানান, অজ্ঞাত এক ব্যক্তি বস্তুটিকে ‘সাবমারসিবল মোটর’ বলে তার কাছে বিক্রি করেছিলেন। তিনি বস্তুটির ওজন অনুযায়ী মাত্র এক কেজি লোহার দামে কিনে নেন। পরবর্তীতে সেটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ইন্টারনেটে অনুসন্ধান করে দেখা যায়, সেটি অবিস্ফোরিত মর্টার শেল। পরে তিনি নিজেই পুলিশে খবর দেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। বর্তমানে সেটি পুলিশ হেফাজতে রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মর্টার শেলটি উদ্ধারের পর যথাযথ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad