সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, তদন্ত কমিটি গঠন

সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে নিহত ১, তদন্ত কমিটি গঠন
আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার অপেক্ষায় থাকা ১৯৪ পর্যটক।

শনিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে যাত্রী ওঠানোর আগমুহূর্তে আগুন লাগে।

মৃত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন এবং আগুনের সময় তিনি জাহাজের ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

জাহাজের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ ভেতরে আছেন কিনা খোঁজ নেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।’

আরও পড়ুন

সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘১৯৪ জন পর্যটকের শনিবার এই জাহাজে করে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যবশত কেউ জাহাজে উঠেননি, সবাই ঘাটে অপেক্ষা করছিলেন। যাত্রীদের একটি অংশকে ধারণ ক্ষমতা অনুসারে অন্য জাহাজে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা রোববার যাবেন।’

আটলান্টিকের যাত্রী মোহাম্মদ ওবায়দুল ইসলাম বলেন, ‘ভাগ্য ভালো ছিল জাহাজে ওঠা হয়নি। আল্লাহ রক্ষা করেছেন, নিজের চোখে আগুন জ্বলতে দেখলাম। ভয়াবহ অভিজ্ঞতা।’

এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।’

গত ১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিন-কক্সবাজার রুটে জাহাজ চলাচল শুরু হয়। সরকার ঘোষিত নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজ সেন্টমার্টিন চলাচলের জন্য কর্তৃপক্ষের অনুমতি পেয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর