খুলনার মাটির গন্ধ, নদীর গল্প আর মানুষের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত ‘দেলুপি’। দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি নির্বাচিত হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম-এর ৫৫তম আসরে। এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। এটি মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত প্রথম সিনেমা।
২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে চলবে চলচ্চিত্র উৎসবটি। রটারড্যামের ‘ব্রাইট ফিউচার’–ক্যাটাগরিতে দেখানো হবে ‘দেলুপি’র। চলচ্চিত্রনির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়।
পরিচালক তাওকীর বলেন, ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ করতে চায়, তখন একটু বিপাকেই পরে গেছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদেরকে কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাদেরকেই প্রথমে দেখাবো।’
‘আর সেই সাথে আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। তো, আমাদের এই ইচ্ছাটা ফেস্টিভ্যালের অর্গানাইজারদের জানিয়েছিলাম। তারাও রাজি হয় এ ব্যাপারে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে যা নিয়ে আমরা আসলেই আনন্দিত।’
গেল ৭ দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দেলুপি’। ছবিটি খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি। স্থানীয় জীবনের টানাপোড়েন ও আবেগময় গল্প ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।
ছবিটিতে যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি


