চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার নির্বাচন কমিশন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
চলতি সপ্তাহ মানে কত তারিখে তফসিল ঘোষণা হবে তা জানতে চাইলে তিনি বলেন, ‘ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, ৮ থেকে ১৫ তারিখের মধ্যে যেকোনো দিন এই ঘোষণা আসতে পারে।’
নির্বাচন কমিশনার জানান, এখন রীতি অনুযায়ী কিছু কাজ করবেন তারা। যার মধ্যে অন্যতম হলো, পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে।
এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে চায় নির্বাচন কমিশন। সেজন্য তার সময় চেয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে চিঠিও পাঠানো হয়েছে।
এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে চিঠি পাঠানো হবে বলেও জানান ইসি সানাউল্লাহ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং নির্বাচন পেছানোর বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বক্তব্য দিচ্ছে, এ বিষয়টি উল্লেখ করেন এক সাংবাদিক।
জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এটার পক্ষে-বিপক্ষে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে। এগুলো রাজনৈতিক বক্তব্য। নির্বাচন কমিশন তার আগের যে বক্তব্য আছে, যে কমিটমেন্ট আছে, সরকারের যে পরিকল্পনা আছে সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে।’
এরই মধ্যে প্রিসাইডং, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার কতজন লাগবে, কারা দায়িত্ব পালন করবেন তাও ঠিক করা হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি, আধাসরকারি, সায়ত্তশাসিত, আধাসায়ত্তশাসিত এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এসব দায়িত্বে নেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভে রাখা হবে।
একান্ত প্রয়োজন না হলে তাদের ব্যবহার করা হবে না বলেও জানান ইসি সানাউল্লাহ।


