ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের লস্কর বাড়ি মোড়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরবিন্দ দত্ত, সাবেক সভাপতি কাছু মিয়া ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ। তাদের নেতৃত্বে ওয়ার্ড কমিটির অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে অরবিন্দ দত্ত বলেন, ‘আমরা এতদিন ভুল পথে ছিলাম। দীর্ঘদিন আওয়ামী লীগ করলেও কখনো কারও ক্ষতি করিনি। বর্তমান দেশের প্রেক্ষাপটে আমাদের বাঁচতে হবে। নেত্রী যেহেতু দেশে নেই, কাকে দেখে দলে থাকব? তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার বাল্যবন্ধু সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছি।’
যোগদান অনুষ্ঠানে নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
বিএনপি নেতারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব জাতি ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ রাজনৈতিক আশ্রয়স্থল। আজ যারা যোগদান করেছেন, তাদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীরাও রয়েছেন। আগামী দিনে তারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।’
কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


