চট্টগ্রামে গ্যাসের চুলার ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিনা আক্তার উপজেলার সাহেরখালীর দক্ষিণ মঘাদিয়া গ্রামের মো. মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন ধরে যায়। সামিনা আক্তার নিজের কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় বাসায় আর কেউ না থাকায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বামী বলেন, ‘দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। অতিরিক্ত ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়।’
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।


