ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না, এমন ঘোষণা দিয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে। খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবেন। এ কারণে গণঅধিকার পরিষদ এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না।
শনিবার বিকালে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে দলটির দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ’-বিষয়ক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ‘শুধু খালেদা জিয়া নন, জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমিরসহ যেসব জাতীয় নেতা গণঅভ্যুত্থানপরবর্তী রাষ্ট্রসংস্কার ও আলাপ-আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, যারা আগামীর দেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন, সেই সমস্ত জাতীয় নেতাদের এলাকায় রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম, হানিফ খান, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন প্রমুখ।


