মৌলভীবাজারে পুলিশি বিশেষ সেবা চালু

মৌলভীবাজারে পুলিশি বিশেষ সেবা চালু
মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবার উদ্বোধন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।

এর আগে প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চলেছে এই সেবা।

‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’ এই শ্লোগান নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা এখন নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলতে পারবেন।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।

আরও পড়ুন

এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে বা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

এ প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন জানান, ‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন উদ্যোগে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

জনগণকে সচেতন করার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ‘পুলিশি সেবা গ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না।’

এ সময় প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোহাম্মদ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্য কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর