ঢাবি ক্যাম্পাসে আবার নিয়ন্ত্রিত যান চলাচল

ঢাবি ক্যাম্পাসে আবার নিয়ন্ত্রিত যান চলাচল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখতে আবারও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জানানো হয়, রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাবি ক্যাম্পাসে যানবাহন প্রবেশের জন্য নির্দিষ্ট নিয়ম ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সপ্তাহের কর্মদিবসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

আরও পড়ুন

এই সময়ে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতের প্রবেশপথগুলো দিয়ে শুধুমাত্র ঢাবির স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে।

জরুরি সেবার মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, ডাক্তার ও রোগী পরিবহন গাড়ি, সাংবাদিক, রাইড শেয়ার সেবা, খাবার সরবরাহ, অনলাইন শপিং এবং অন্যান্য সরকারি গাড়ি। এর বাইরে অন্য সব ব্যক্তিগত বা বেসরকারি যানবাহনের প্রবেশ এই সময়ের মধ্যে সীমিত থাকবে।

তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে, অর্থাৎ তারা বিশেষ অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

এর আগে গত বছরের ডিসেম্বরে একই ধরনের নির্দেশনা জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর চলতি বছরের এপ্রিলে আরেকবার নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর