জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রকিব সরকারকে বিয়ে করেন ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। গাজীপুরের এ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে বিয়ের পর বেশ সুখেই সংসার করছিলেন তিনি। তাদের সংসার আলোকিত করে আসে এক সন্তান—ফারিশ।
রকিব সরকারকে মাহি বিয়ে করেছিলেন প্রায় এক দশকের বেশি সময়ের পরিচয়ে। বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রণয়ে রূপ নিয়েছিল বলে জানা যায়। কিন্তু ভালোবাসার সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দেন মাহি গেল বছরের ১৬ ফেব্রুয়ারি।
নিজের ফেসবুকে এক ভিডিও প্রকাশের মাধ্যমে মাহি জানান, ‘আমি ও রাকিব খুব ভালো বোঝাপোড়া থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’
সে ভিডিওতে মাহি তখন বলেছিলেন তারা দুজন খুব দ্রুতই আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ করবেন। কিন্তু এরপর তারা আনুষ্ঠানিক বিচ্ছেদ করেছেন কিনা তা আর জানাননি। এরপর থেকে এ দম্পতিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টায় ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন মাহি।

ছবিগুলোতে দেখা যায়, মাহি তার সন্তান ফারিশসহ আরও দুই শিশুকে আদর করছেন। পাশে দাঁড়িয়ে আছেন রকিব সরকার। ক্যাপশনে লিখেছেন, ‘মাশাআল্লাহ্’।
এ পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা-কল্পনা—তাহলে কি মাহির সংসার জোড়া লাগছে?
জানা গেছে, প্রকাশিত ছবি দুটিতে থাকা শিশু দুটি রকিব সরকারের আগের সংসারের। তারা দুজন ফারিশকে খুব আদর করেন। তাদের ভাই-বোনদের প্রায় একত্রিত করেন মাহি ও রকিব। আবার ফারিশকে প্রায়ই দেখতে আসেন রকিব। তখন মাহির সঙ্গে দেখা হয়।
কিন্তু মাহি বা রকিব আবার সংসার শুরু করছেন নাকি তাদের সত্যিই বিচ্ছেদ হয়েছে এ ব্যাপারে মাহির বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায় নি।
তাদের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে। এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।


