কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ১৯৯তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই বৃহৎ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতি বছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসল্লির সমাগমের কথা বিবেচনায় রেখে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তারা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতেও তারা সর্বদা সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
সংশ্লিষ্ট সকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ জামাত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


