সাবেক সচিব আবু আলম শহীদ খানকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ‘মঞ্চ-৭১’ নামে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রোববার ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই (সোমবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।’
গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভার আয়োজন করা হয়। ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে ‘স্লোগান’ দেয় ও লতিফ সিদ্দিকীসহ অতিথিদের অবরুদ্ধ করে ভাঙচুর চালায়।
পরে পুলিশ সেখান থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আটক করে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

জুলাই অভ্যুত্থানের পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি তুলে ‘মঞ্চ ৭১’ সংগঠনটি গড়ে তোলেন গণফোরামের নেতা আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।
সোমবার গ্রেপ্তার হওয়া আবু আলম শহীদ খান ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গেলে শহীদ খানকে বিশেষ দায়িত্বে (ওএসডি) পাঠানো হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর পদোন্নতি পেয়ে তিনি জ্যেষ্ঠ সচিব হন। ২০১৫ সালে অবসরে যান এই সচিব।


