রাজধানীর তেজগাঁওয়ে পাঁচদিনের বিশেষ অভিযানে ১০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ বলছে, ২৪ ঘণ্টায় বুধবার অভিযানে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন ৫৯ জনকে। গ্রেপ্তার করাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, গ্রেপ্তারি পরোয়ানার আসামি, অভিযুক্ত মাদক কারবারি, সন্দেহভাজন ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ চিহ্নিত বিভিন্ন ‘অপরাধী’।
ডিএমপি জানায়, অভিযানে আটককৃতদের মধ্যে তেজগাঁও থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩০ ও মোহাম্মদপুর থানা থেকে ১৭ জনকে ধরা হয়েছে।
এছাড়া, আদাবর থানায় গ্রেপ্তার হন তিনজন, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরে বাংলা নগর থানায় যথাক্রমে চারজন করে এবং হাতিরঝিল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার হন একজন।

তেজগাঁও পুলিশ বিভাগ জানায়, উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধানে ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম ওই অভিযান পরিচালনা করে।
এর আগে, শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবরসহ ছয় থানা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও পুলিশ বিভাগ।
আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার নিয়মিত আসামি ছাড়াও অভিযুক্ত সন্ত্রাসী ও অপরাধী রয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গত ১০ আগস্ট পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান চলবে।
এরই পরিপ্রেক্ষিতে ডিএমপি ওই অভিযান চালাচ্ছে।
আইজিপি বাহার বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে এখন প্রস্তুতি চলছে। আমাদের প্রধান উদ্দেশ্য আগামী নির্বাচন। আমরা সে ব্যাপারেই প্রস্তুত হচ্ছি।’
তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ আগামী নির্বাচন পর্যন্ত দেশব্যাপী অভিযান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


