ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। একইসঙ্গে মুজিবুল হক চুন্নুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
ব্যারিস্টার শামীম ১৯৮১ সালের ২৫ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন এবং মা রোকেয়া ইসলামও আইনজী
বী ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট।
তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি (অর্নাস) সম্পন্ন করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পিজি সার্টিফিকেট অন ইনটেলেকঢুয়াল প্রোপাটি ল’ডিগ্রি নেন। সিটি ইউনিভার্সিটির ইনস অব কোর্ট স্কুল অব ল’ (আইসিএসএল) থেকে পিজি ডিপ্লোমা ইন প্রফেশনাল অ্যান্ড লিগ্যাল স্কিলস করেছেন। এছাড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটসের ওপর ডিপ্লোমা করেছেন।
শামীম হায়দার পাটোয়ারী ২০০৭ সাল থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত।
মহাসচিব হওয়ার আগ পর্যন্ত তিনি পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ছিলেন। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টাও ছিলেন তিনি। জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতিও তিনি। ১৯ ডিসেম্বর ২০১৭ সালে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


