বরগুনার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ এক পর্যটকের মরদেহ তিন্দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলার পর্যটন কেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের প্রায় এক কিলোমিটার দূরে নিদ্রার চর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। তিনি আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার প্রবাসী মো. মুসার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুরের দিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। এরপর আসাদুলকে উদ্ধার করতে অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। পরে দীর্ঘ সময় ধরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরাও ঘটনাস্থলে এসে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার তিনদিন পর শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিদ্রার চর সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি তালতলী থানা পুলিশ ও নৌ পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


