সাতক্ষীরায় ভোরে হাঁটতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন ভোরে হাঁটতে বের হন। এর কিছুক্ষণ পরেই তিনি খবর পান যে তার মায়ের মরদেহ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড় এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিহতের স্বজন তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, রহিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।


