কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। দলের অন্যতম প্রধান অস্ত্র ও অভিজ্ঞ এই বোলারের উইকেট না পাওয়ার বিষয়টি দল ও খোদ তাইজুল–উভয়ের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ চার ম্যাচে মাত্র পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল। এ বিষয়ে কোচ সিমন্স বলেন, ‘হ্যাঁ, এটা সব সময়ই উদ্বেগের বিষয়। কারণ সে আমাদের দলের অন্যতম প্রধান স্পিনার। তাই বিষয়টি উদ্বেগের হওয়াটাই স্বাভাবিক। আমি নিশ্চিত, এটা তার নিজের জন্যও উদ্বেগের।’
কাঁধের ইনজুরি এই পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলছে কি না, এমন প্রশ্নের জবাবে কোচ বিষয়টি চিকিৎসকদের ওপর ছেড়ে দিয়ে জানান, সংযুক্ত আরব আমিরাতে কিছু সমস্যা হলেও বর্তমানে তিনি পুরোপুরি শক্তি দিয়ে বোলিং করছেন এবং অনুশীলনেও নিয়মিত বল করছেন। তাই চোটের কারণে পারফরম্যান্স খারাপ হচ্ছে বলে মনে করছেন না সিমন্স।
তবে তাইজুলের বর্তমান ফর্ম দ্বিতীয় টেস্টের একাদশ গঠনে বড় একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে স্বীকার করেছেন কোচ। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে সিলেট টেস্টটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ থেকে বাদ পড়লে ২০১৫ সালের পর এই প্রথম টেস্ট দলের বাইরে থাকতে হবে তাইজুল ইসলামকে। এ নিয়ে সিমন্স জানান, দল মিটিংয়ে বসার পর বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


