খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় আলী আকবর টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। বুধবার তাকে খুলনার আদালতে হাজির করা হয়। এ সময় খালিশপুর থানার নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অনুকুল চন্দ্র। আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেটসংলগ্ন বিএনপি কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তারা। ঘটনাস্থল ছাড়ার আগে কার্যালয় থেকে ১২ হাজার টাকা লুট করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের নির্দেশে আলী আকবর টিপুকে কারাগারে পাঠানো হয়।


