অনলাইন অপতথ্য শনাক্তে ব্রিটিশ কাউন্সিলের সংলাপে চবির ৬০ শিক্ষার্থী

অনলাইন অপতথ্য শনাক্তে ব্রিটিশ কাউন্সিলের সংলাপে চবির ৬০ শিক্ষার্থী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

অনলাইনে ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ বিষয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংলাপ আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। এতে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

সোমবার দুপুরে বিভাগের সেমিনার লাইব্রেরিতে ব্রিটিশ কাউন্সিলের ইয়ুথ কানেক্ট প্রোগ্রামের আওতায় ‘থিংক ক্রিটিক্যালি, কানেক্ট রেসপনসিভলি’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।

সংলাপে বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন (নীপু)। তিনি বলেন, সাংবাদিকতার চর্চা ও ধরনে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মারিয়া রেহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদারে ব্রিটিশ কাউন্সিল দীর্ঘদিন ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ইয়ুথ কানেক্ট প্রকল্পের মাধ্যমে তরুণদের ডিজিটাল নাগরিকত্ব, সচেতনতা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। ভুল তথ্য ও অপতথ্য শনাক্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে সচেতন সমাজ গঠনেও অবদান রাখতে পারবেন তাঁরা।

সংলাপে বিশ্ববিদ্যালয়ের দুটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (সিএপি) কার্যক্রম উপস্থাপন করেন শিক্ষার্থীরা। প্রথম গ্রুপের পক্ষে মাহবুব ফরহাদ ও নাদরাতুন নাঈম চৌধুরী এবং দ্বিতীয় গ্রুপের পক্ষে রাব্বি হোসেন ও সৃষ্টি শর্মা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।

পরে বিভাগের প্রভাষক নাজনীন আক্তারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা অনলাইন ও অফলাইনে প্রয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবিষ্যতে কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের আওতায় সম্ভাব্য কার্যক্রম এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।

আয়োজনটিতে সহযোগী হিসেবে ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এর আগে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad