চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট করতে চার সদস্যের একটি দল পাঠিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও)।
রোববার বিকালে দলটি চট্টগ্রামে পৌঁছেছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন। ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিন এই অডিট কার্যক্রম চলবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অডিট দলের সদস্যরা।
আইসিএওর ইউএসিকিউরিটি অডিট প্রোগ্রাম- কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউসিএপি-সিএমএ) আওতায় এই অডিট পরিচালিত হচ্ছে। চার সদস্যের দলে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিএওর তত্ত্বাবধানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবারই প্রথম এ ধরনের নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হচ্ছে। ৪ নভেম্বর পর্যন্ত অডিট কার্যক্রম চলবে। এর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।


