নড়াইল পৌর শহরে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়িটি থেকে আনুমানিক ৯০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।
রোববার ভোররাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় মানিক বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
মানিক ঢাকায় থাকলেও নড়াইলের বাড়িতে থাকেন তার বড় ভাই সমর কুমার বিশ্বাস। পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজন বাড়িতে আসায় সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছিল।
ভোররাতে জানালার গ্রিল কেটে মুখোশধারী ৬ থেকে ৭ জন ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়।
এ সময় তারা প্রায় ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা নিয়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



