রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশেপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। তবে আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তবে শনিবার থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকাতার চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনের মধ্যে থেকে তেমন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিরপুর ১০ ও এর আশেপাশের এলাকায় অভিযানে গ্রেপ্তারকৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমুল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সকল নেতাকর্মীদের ঢাকায় এনেছেন। প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।’


