৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা আছে কি না, জানতে চায় সদরদপ্তর

৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা আছে কি না, জানতে চায় সদরদপ্তর
পুলিশ সদরদপ্তর। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর। এজন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠিয়ে আগামী ৩ নভেম্বরের মধ্যে হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কি না, থাকলে মামলার বর্তমান অবস্থা ও সর্বশেষ তথ্য জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য হার্ডকপি ও সফটকপি উভয় মাধ্যমে পাঠাতে হবে।

এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহর সই করা চিঠিটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত অভিযোগ ও ফৌজদারি মামলার তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকেও বিভিন্ন ইউনিটের কাছে তথ্য চাওয়া হলো।

আরও পড়ুন

তালিকাভুক্ত কর্মকর্তারা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার। তারা পুলিশ সদরদপ্তর, ডিএমপি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।

নথিতে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি কয়েকজনের বিশেষ অবস্থার কথাও উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সাময়িক বরখাস্ত এবং অন্য একজনকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত হিসেবে দেখানো হয়েছে।

তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমন কোনো তথ্য চিঠিতে উল্লেখ করা হয়নি। বরং তাদের বিরুদ্ধে মামলা আছে কি না এবং থাকলে সেগুলোর সর্বশেষ অবস্থা যাচাই করে প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এআইজি মো. সাইফুল্লাহ বলেন, ‘চিঠিটি অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটি হালনাগাদের জন্য দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad