বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ নেওয়ার সময় ওই পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীকে নিয়ম মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।


