টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে আশুগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।
বিরোধ মেটাতে শনিবার সকালে আশুগঞ্জ বাজারে জারু মিয়ার গদিতে স্থানীয় নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে বিরোধের মীমাংসা হয়। বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরে দুই পক্ষ আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, শুক্রবারের সংঘর্ষের ঘটনা মীমাংসায় শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে বিরোধের নিষ্পত্তি হলেও পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


