আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, আন্দোলন করে সরকার গঠন করা যায় না; সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন।
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু নিজেদের মধ্যে বিরোধ-সংঘাত তৈরি করলে অন্যরা সুযোগ নেবে। আমরা বিভক্ত হলে তৃতীয় পক্ষ ফায়দা তুলবে। ৫৪ বছরে আমরা নিজেদের দ্বন্দ্বে অনেক সময় নষ্ট করেছি, এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়।’
সরকারের গণতান্ত্রিক ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে, আর ব্যর্থ হলে নির্বাচনে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতেই হবে।’
জ্বালানি সংকটের বিষয়ে চিফ হুইপ জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। অথচ কৃত্রিম সংকট তৈরি করে দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করার অপচেষ্টা চলছে, যার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
ডিপ্লোমা প্রকৌশলীদের ‘দেশ গড়ার কারিগর’ আখ্যা দিয়ে তিনি প্রকৌশলীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন তিনি।
আইডিইবি নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।


