রাজধানীর ধানমন্ডিতে ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান জানান, প্রাথমিক তদন্ত ও গৃহকর্মীসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে তাহসিন আরিফ তার মা আফিয়া আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। হামলায় বৃদ্ধার মুখ ও গলায় গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং হত্যাকাদ্দের সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।


