সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ৬ নভেম্বর

সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ৬ নভেম্বর
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে আগামী ৬ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান ২০২৬’ অনুষ্ঠিত হবে।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি (ডিআরসি) আয়োজিত এ প্রতিযোগিতায় ৩ হাজার ৮০০-এর বেশি মানুষ অংশ নেবেন।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং টি-শার্ট ও ফিনিশার মেডেল উন্মোচন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক তত্ত্বাবধানে পরিচালিত আইসিএবির এ আয়োজনের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড।

‘ফিটনেস মিটস অ্যাকাউন্টিং’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য শারীরিক ও মানসিক সুস্থতা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরা। অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেসের (এআইএমএস) অধিভুক্ত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের প্রত্যয়িত রুটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তাদের পরিবারের সদস্য, সিএ শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী ও দৌড়প্রেমীরা এতে অংশ নেবেন। প্রতিযোগিতাটি ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার ও ১ কিলোমিটার–এই তিন বিভাগে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ কিলোমিটার দৌড়টি বিশেষভাবে মা ও শিশুদের জন্য নির্ধারণ করা হয়েছে। ৬ নভেম্বর ভোর ৫টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে এই দৌড় শুরু হবে।

মূল প্রতিযোগিতার আগে আগামী ২ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাই আইএইচজিতে কিট এক্সপো অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের রেস কিট ও উপহারসামগ্রী দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ, ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মো. কামরুজ্জামান, সম্পাদক মোহাম্মদ একলাস উদ্দিন, কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম, আয়োজনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনোয়ার হোসেন, ইভেন্ট চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান এবং ডিআরসির সদস্য মো. মুস্তাক আহমেদ ও মাহমুদুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad