পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ট্রলিং সরঞ্জাম জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর ব্রিজসংলগ্ন খেয়াঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তর। অভিযানে ওই এলাকা থেকে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে নয়টি বেহুন্দী জাল, ছয়টি উইংস ও ছয়টি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা তিন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ ধরার কার্যক্রম বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


