চট্টগ্রামের খুলশী থানার মামলায় ১৩ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের এই নির্দেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রধান আসামি ওয়াকিল হোসেন বগা অন্য মামলায় আগেই জেলহাজতে ছিলেন। মঙ্গলবার তাকে পি/ডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) মূলে কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। অন্যদিকে, হাইকোর্ট থেকে প্রাপ্ত ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে নির্ধারিত দিনে সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন অন্য ১২ আসামি। আদালত শুনানি শেষে সবার জামিন আবেদন নাকচ করে দেন।
কারাগারে পাঠানো অন্য ১২ আসামি হলেন–রকি হোসেন প্রকাশ পিচ্চি, মনির হোসেন ইমন, মো. শাকিল, আবুল হাসান প্রকাশ কালা হাসান, মো. জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, মো. নওশাদ, সোহেল প্রকাশ ব্লেড সোহেল, আবুল কাশেম (আবু কাশেম), মো. রবিন হোসেন, সাকিব হাসান ও দেলোয়ার হোসেন জিসান।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় দুটি পৃথক মামলা রয়েছে। এ মামলাগুলোতে সংঘবদ্ধভাবে হামলা, সরকারি কাজে বাধা, মারধর, অনধিকার প্রবেশ, অপহরণ, চুরি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. কামাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদসহ অন্যান্য আইনজীবী।


