চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে মো. ফরহাদ শেখ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সোহরাব শেখের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফরহাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের অভাব ঘোচাতে ফরহাদ চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনার দিন সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ফরহাদের একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
এদিকে প্রিয়জনের মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা চট্টগ্রামে ছুটে যান। ওই দিন রাতেই মর্গে ফরহাদের মরদেহ শনাক্ত করেন তারা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


