ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান।
শফিকুল হক মিলন বলেন, সম্প্রতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধ ব্যবহারে সম্ভবত কোনো ত্রুটি-বিচ্যুতির কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এ কারণে গত কয়েক দিন ধরে তাকে নিয়মিত রক্ত দিতে হচ্ছিল। রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন দেশবাসীর কাছে দোয়া চেয়ে জানান, জানান, দুই দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছিল। এতে তার শারীরিক পরিশ্রম হয়েছে।
গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতারা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


