রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন রায়হান। তখন বিমানবন্দর গামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ছিটকে পাশে পড়ে যান তিনি। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় তার।
তিনি আরও জানান, মহাখালী রেলগেটে একটি খাবার হোটেলে কাজ করে রায়হান। থাকে একটি মেস বাসায়। তার বাড়ি বরিশাল।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


