মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে মঙ্গলবার পর্যটকবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মিসরের সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর সড়ক পরিষ্কারের কাজ শুরু করেন কর্তৃপক্ষ। ক্রেন দিয়ে বড় বাসটি সরানো হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে ছিঁড়ে যায়। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে বেঁকে যাওয়া ধাতব অংশ ও ধ্বংসাবশেষ।
সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের যাত্রীদের আসন। ট্রাকের পেছনেও দেখা যায় বাসের ভাঙা অংশের ধ্বংসাবশেষ।
আল-আহরাম জানিয়েছে, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা হয়।
মিসরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছেন।
গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন জর্ডানের পর্যটক।
এর আগে আগস্টে উত্তর মিসরে দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের অনেকেই ছিলেন কৃষিশ্রমিকদের শিশু সন্তান। ট্রাক দুটি কৃষিশ্রমিকদের দৈনিক কাজের জন্য বহন করছিল।
সূত্র: এনডিটিভি


