আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই
ছবি: বিসিবি
Advertisement
Advertisement

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওডিআই সিরিজের ফাইনালে ওঠার দৌড়ে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। পাশাপাশি নজর রাখতে হবে নেট রানরেটের জটিল অঙ্কেও।

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বর্তমানে +৩.১৬০ নেট রানরেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। নেট রানরেটে সুবিধাজনক অবস্থায় থাকায় বাংলাদেশের কাছে হারলেও তাদের ফাইনালে ওঠার সুযোগ থাকবে।

অন্যদিকে ১ জয় ও ১ হারে -০.৫৯০ রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। আর প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে -১.৯৮০ নেট রানরেট নিয়ে তলানিতে আছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানকে হারালেও ফাইনালে যেতে জিম্বাবুয়েকে রানরেটে টপকে যাওয়ার মতো বড় জয় প্রয়োজন হতে পারে বাংলাদেশের।

সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য মোটেও স্বস্তিদায়ক নয়। ওডিআইতে ২২ বার মুখোমুখি হয়ে উভয় দল ১১টি করে ম্যাচ জিতলেও শেষ ৬টি ম্যাচের ৫টিতেই জিতেছে আফগানিস্তান। এই জয়গুলো এসেছে আরব আমিরাতের মাঠে।

আরও পড়ুন

২০২৪ সালে শারজাহতে ২-১ ব্যবধানে হারের পর ২০২৫ সালে আবুধাবিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। সে বছর ১৪ অক্টোবর ২৯৩ রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হওয়ার তিক্ত অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের ঠিক এক বছর ছয় দিন পর আবার ওডিআইতে মুখোমুখি হচ্ছে দুই দল।

আবুধাবির ধীরগতির উইকেটে ম্যাচের পর্যায় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলা কঠিন হয়ে পড়ে। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ সামলাতে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জিম্বাবুয়ে ম্যাচের ঘাটতি নিয়ে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা ম্যাচের পরিস্থিতি যথাযথভাবে বুঝতে পারিনি। ৩টি উইকেট পাওয়ার পর চাপ ধরে রেখে দ্রুত আরেকটি উইকেট নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। তবে মূল ঘাটতি ছিল ব্যাটিংয়ে। শুরুটা অমন হওয়ার পর আমাদের নিশ্চিত করা উচিত ছিল যেন পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারি। সেটি করতে পারলে ফল ভিন্ন হতো।’

কোমরের চোটে টুর্নামেন্ট থেকে নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় বাংলাদেশ দল আগে থেকেই ধাক্কা খেয়েছে। তবে প্রথম ম্যাচে জ্বরের কারণে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে একাদশে ফিরতে পারেন।

বাংলাদেশের স্কোয়াড

তাওহীদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, পারভেজ হোসেন ইমন।

আফগানিস্তান স্কোয়াড

রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজনফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরিফি, ফজল হক ফারুকি, ইয়ামিন আহমদজাই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad