নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। দুর্গাপুরে গুলিতে সাংবাদিক নিহত হওয়ার চার দিন পর জেলায় ফের গুলির এই ঘটনা ঘটেছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মিশন মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাসা থেকে বের হলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। একপর্যায়ে তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যান ওই দুই ব্যক্তি।
পরে স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।


