কুড়িগ্রামের রৌমারীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার সায়দাবাদ ও রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী এলাকার সীমানায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
নিহতদের মধ্যে রয়েছেন রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকের স্ত্রী লিপি (২৬), তার ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিশাদ (১২) ও মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তুবা (৭)। এ ছাড়া নিহত হয়েছেন লিপির বোন শরীফা (৪২), যিনি কর্তিমারী এলাকার বাদলের স্ত্রী এবং ইজিবাইকের চালক। আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি (২৫)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি ঢাকা-রৌমারী মহাসড়কের সায়দাবাদ ও শিবেরডাঙ্গী এলাকার সীমানায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সামাদ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত বৃষ্টিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।


