ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান চলাকালে স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্পিডবোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অন্য ব্যক্তিরা হলেন আনসার সদস্য জসিম ও রেজাউল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হান।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে কংসার দিঘির পাড়সংলগ্ন নদীতে মৎস্য অভিযান চলছিল। এ সময় ইউএনওসহ অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্পিডবোটে টহল দিচ্ছিলেন।
রাত সাড়ে ৮টার দিকে স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দিলে সেটি দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেন। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হয়।


