জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস।
বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। দেশের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইউএনডিপি বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের সঙ্গে যুক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন, ‘বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সর্বশেষ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে আগের সরকারের শাসনামলের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।’
রোহিঙ্গা সংকট নিয়ে স্পিকার বলেন, ‘প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে দেশ অনেক প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। দীর্ঘমেয়াদে তাদের অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ছে।’ এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপির সহযোগিতা কামনা করেন তিনি।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক সময়ের পরিক্রমায় বিকশিত হয়েছে। বর্তমান সংসদ জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে।’
তিনি জানান, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন কোর্স ও প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত রয়েছে। বিশেষ করে জেন্ডার সমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে তারা বিশেষভাবে আগ্রহী।
সাক্ষাৎকালে বিশ্ব ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও জ্বালানি ইস্যু নিয়ে আলোচনা হয়।
সংসদের পরিবেশ নিয়ে স্পিকার বলেন, ‘বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয়। প্রতিটি বিলের আলোচনায় তারা মতামত দিচ্ছে। নারী সংসদ সদস্যরাও নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
তিনি জানান, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অধিবেশনে এক্সিকিউটিভ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ ইউএনডিপি ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


