ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘নারী ক্রিকেট টুর্নামেন্ট’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘নারী ক্রিকেট টুর্নামেন্ট’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘আয়েশা আবেদ টি-টেন আন্তবিশ্ববিদ্যালয় নারী টুর্নামেন্ট ২০২৬’-এর পোস্টার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেসের (বিইউএসএএফ) উদ্যোগে আগামী ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আয়েশা আবেদ টি-টেন আন্তবিশ্ববিদ্যালয় নারী টুর্নামেন্ট ২০২৬’।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডাস্থ ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে বসছে এই ইনডোর আয়োজন।

বাংলাদেশে নারী শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো এ ধরনের ফরম্যাটে আয়োজিত এ আসরে দেশের ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দল ট্রফির জন্য লড়বে।

শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ব্র্যাকের অন্যতম কারিগর আয়েশা হাসান আবেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রতিটি ইনিংসে ১০ ওভার করে খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি দল ১৫ জন খেলোয়াড়, ১ জন কোচ ও ১ জন ম্যানেজার নিবন্ধনের সুযোগ পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা কোনো নিবন্ধন ফি ছাড়াই এই আসরে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

বুধবার সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টের প্রথম দিন গ্রুপ পর্বের ম্যাচগুলো সম্পন্ন হবে। দ্বিতীয় দিনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনার পর অনুষ্ঠিত হবে ফাইনাল। বৃহস্পতিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য তামারা আবেদ।

টুর্নামেন্টের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ৫ হাজার টাকাসহ টুর্নামেন্টের সেরা পারফর্মারদের বিশেষ ট্রফি ও পদক দেওয়া হবে।

প্রতিযোগিতায় স্বাগতিক ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাড়াও অংশ নিচ্ছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), আইইউবিএটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউলাব), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট ইউনিভার্সিটি ও উত্তরা ইউনিভার্সিটি।

খেলার পাশাপাশি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্তর্ভূক্তি, লিঙ্গসমতা, সুস্বাস্থ্য ও নারী নেতৃত্ব বিকাশ নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad