নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে এক ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনার সময় তাদের বাবা-মা পাশের গোয়ালঘরে গরুর দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তারা তাদের উদ্ধার করেন। পরে তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পোঁছান। দুই শিশুর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে ।


