দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং পূর্ববর্তী সময়ে সৃষ্ট সেই পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে বিভিন্ন খাতে হওয়া ক্ষতি কাটিয়ে উঠে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন।
থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার ওপর জোর দিয়ে নূরুল ইসলাম মনি বলেন, মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও শারীরিক নানা কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রোগ প্রতিরোধ, দ্রুত নির্ণয় ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চিফ হুইপ ব্যক্তিগতভাবে এবং সংসদে সুযোগ থাকলে থাইরয়েড সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন।
বিটিএসের সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা।
দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয়, থাইরয়েড ক্যানসার, গর্ভাবস্থায় জটিলতা ও আয়োডিনের ঘাটতিজনিত রোগের আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক আলোচনা হয়। এতে ১২টি মৌখিক গবেষণাপত্র ও ১০টি পোস্টার উপস্থাপন করা হয়।


